সিঙ্গাইরে আগুনে পুরে ছাই ১০ দোকান
সিঙ্গাইর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার রায়দক্ষিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি দোকান সম্পূর্ণ পুরে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পনেরো লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। সর্বস্ব হারিয়ে এখন চোখেমুখে অন্ধকার দেখছেন ক্ষতিগ্রস্থ দোকানীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সন্ধার দিকে উপজেলার রায়দক্ষিন বাজারের দোকানিরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলেন যান। রাত সাড়ে ১২টার সময় হঠাৎ একটি দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে মানিকগঞ্জ ও সাভার ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। পরে সাভার ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এসে এলাকাবাসীর সহযোগীতায় রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ব্যবসায়ী আজম খান, আব্দুস সাত্তার, জালাল উদ্দিন, ফজলুল হক, মিষ্টার, লস্কর আলী, আব্দুস সালাম ও মুজিবুর রহমানের দোকানসহ মোট ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুরে যায়। এতে পনেরো লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয়রা।
উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের খোজ খবর নেওয়া হয়। আবেদনের প্রেক্ষিতে ত্রান ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহযোগীতা করা হবে।










