নৌকায় ভোট দিয়ে ঋণ শোধ করব: মমতাজ

নৌকায় ভোট দিয়ে ঋণ শোধ করব: মমতাজ

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, দেশে ৩০ বছরে যে কাজ হয়নি গত ১৫ বছরে উন্নয়নমূলক সে কাজ হয়েছে। শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হবে। শেখ হাসিনা উন্নয়নমূলক কাজ দিয়ে আমাদের ঋণী করেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা সে ঋণ শোধ করব। গত বুধবার(১৫ নভেম্বর) রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুরে ইউনিয়নের ইরতা এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাস্তা-ঘাট,ব্রিজ-কালভার্ট,শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ,বিদ্যুৎসহ দেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। দেশে প্রায় ৮০ শতাংশ কাজ হয়েছে, আর ২০ শতাংশ কাজ বাকি আছে।

মমতাজ বেগম বলেন, টাকা-পয়সা বা নাম অর্জন করার জন্য আওয়ামী লীগ করি না। দলটা করি মানুষের সেবা করার জন্য। মমতাজের নাম করার আর কি আছে? টাকা-পয়সা অর্জন বা ধান্দা করা মমতাজের কাজ না। বঙ্গবন্ধুর আদর্শ ভালো লাগে। শেখ হাসিনাকে দারুন ভালো লাগে, তাকে অনেক ভালোবাসি। তাই আওয়ামী লীগ করি।

৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এ উঠান বৈঠকের আয়োজন করে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ দলিল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র লীগের সভাপতি শাকিল আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর বাদশা, তালেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ মোল্লা, সাধারণ সম্পাদক আবু কাওসার আহম্মেদ প্রমুখ।

মন্তব্য প্রদান করুন

Share