সানাউল্লাহ নূর সাগরের প্রেম মানে

সানাউল্লাহ নূর সাগরের প্রেম মানে

“প্রেম মানে”
~সানাউল্লাহ নূর সাগর।
—————————————-
প্রেম মানে,
আবেগের টানে,অবাস্তবের পানে,
ছুটে ছুটে যাওয়া।
প্রেম মানে,
প্রিয়ার কানে,কথার বানে,
ভালবাসার স্তুতি গাওয়া।

প্রেম মানে,
রঙের মেলা,স্বপ্নে খেলা,
এক বিভোর রাত।
প্রেম মানে,
দুজনার হাতে,জোৎস্না রাতে,
বিজয়ের কিস্তিমাত।

প্রেম মানে,
গোপন অভিসারে,কোন এক আষাঢ়ে,
আচমকা বৃষ্টি স্নান।
প্রেম মানে,
তুচ্ছ কথায়,যথায় তথায়,
দুজনার অভিমান।

প্রেম মানে,
সময় ভুলে, নদীর কূলে,
রোমাঞ্চের খেলা।
প্রেম মানে,
ধনীর হস্তে,খোদার ওয়াস্তে,
গরীবের মিলন মেলা।

প্রেম মানে,
খেয়ালে,কিংবা বে-খেয়ালে,
বার বার নিজেকে দেখা।
প্রেম মানে,
আনাড়ি হাতে,রাত বিরাতে,
গদ্য কবিতা লেখা।

প্রেম মানে,
টিফিন থেকে,পয়সা রেখে,
চকলেট, জন্মদিনের কার্ড কেনা।
প্রেম মানে,
পড়ার ছলে,প্রাইভেটের কথা বলে,
ভালবাসার লেনাদেনা।

প্রেম মানে,
মোবাইল ফোনে, রাতে বা দিনে,
গোছানো কথামালা।
প্রেম মানে,
কাছে আসা, পাশে বসা,
অবশেষে কিছু জ্বালা।

প্রেম মানে,
ক্ষনে ক্ষনে, উদাস মনে,
উদ্বাস্তুর মতন ঘোরাফেরা।
প্রেম মানে,
উষ্ণ আদরে, মায়ার চাদরে,
শক্ত করে ঘেরা।

প্রেম মানে,
স্বর্গ থেকে আসা,ভালবাসায় ঠাসা,
কি এক অজানা সুখ।
প্রেম মানে,
ব্যর্থতার গল্পে,সুখ বড় অল্পে,
বয়ে চলা রাজ্যের দুখ।

প্রেম মানে,
আরও কত কি,
কে জানে বাপু? (০৯/০৯/২০১৯).

মন্তব্য প্রদান করুন

Share