বিধবা নারীর পাশে ”মানবিক সিঙ্গাইর ফাউন্ডেশন”
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানবিক সিঙ্গাইর ফাউন্ডেশন বিধবা এক নারীকে ১ মাসের খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালো। শুক্রবার সকালে সিঙ্গাইর উপজেলার চাপড়াইল গ্রামের বিধবা নারী রেহেনা বেগমের বাড়িতে এক বস্তা চাউল, ৫ লিটার তেল,ডাল,আলু, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয় সংগঠনটি। এর আগে গত মঙ্গলবার রাতে দরিদ্র ওই বিধবা নারীর বাড়িতে চুরি হয়। চুরির ঘটনায় আজকের পত্রিকাসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে নজরে আসে মানবিক সিঙ্গাইর ফাউন্ডেশনের সদস্যদের।
জানাগেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজ খুলে হাজার হাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে “মানবিক সিঙ্গাইর ফাউন্ডেশন” নামে সংগঠনটি। অসহায় অনাহারীদের খাবার বিতরণ, দরিদ্র রোগীদের চিকিৎসার অর্থ ও প্রতিবন্ধী কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখছে সংগঠনটি।
বিধবা রেহেনা বেগম বলেন, চোরে আমার ঘরের সিধ কেটে মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন ও জমানো ৭ হাজার টাকা নিয়ে যায়। আমার শেষ সম্বল হারিয়ে আমি অসহায় হয়ে পড়ি। মানবিক সিঙ্গাইর ফাউন্ডেশন আমাকে এক মাসের খাদ্য সামগ্রী দেওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই খাদ্য সামগ্রী না পেলে হয়তো আমাকে না খেয়ে থাকতো হতো।
সিঙ্গাইর ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা তামিম চৌধুরী বলেন, পত্রিকার মাধ্যমে জানতে পারি অসহায় বিধবা রেহেনা বেগমের বাড়িতে চুরি হয়েছে। মানবিক দিক বিবেচনা করে ওই বিধবা নারীকে এক মাসের খাদ্য সামগ্রী দেওয়া হয়। অসহায় ছিন্নমূল মানুষের কল্যাণের কথা চিন্তা করে মানবিক সিঙ্গাইর ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করি। অসহায় মানুষদের পাশে থাকবে মানবিক সিঙ্গাইর ফাউন্ডেশন।










