খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন: মমতাজ
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, শেখ হাসিনার দেশের বাইরে একটা ঘর নাই,বাড়ি নাই,একটা একাউন্ট নাই,কিছুই নাই। আর খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন। এতিমের হক মেরে খেয়েছে। শেখ হাসিনা তাদের সন্তানদের কষ্ট করে পড়া লেখা করিয়েছেন। আমাদের নেতাকে আমরা ফলো করব। আমাদের নেতা আমাদের আর্দশ। মঙ্গলবার(৭ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্সে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে স্বতন্ত্র বলে কিছুই নেই। আছে বিদ্রোহী। দলের নেতা যদি নৌকা না পেয়ে নির্বাচন করে ওই বিদ্রোহীদের কোন ছাড় নেই।
মমতাজ বেগম বলেন, ‘এদেশে আগেও জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ক্ষমতায় ছিলো। তারা দেশের কি উন্নয়ন করেছে আপনারা সবাই তা জানেন। আওয়ামী সরকার দেশে কি পরিমান উন্নয়ন করছে তা আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আশেপাশে ভালোভাবে তাকালেই দেখতে পাবেন। স্কুলের শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পড়াশোনা, বছরের প্রথমদিনে বই বিতরণ, বিদ্যালয়ে নতুন নতুন ভবন নির্মাণ করে দিয়েছেন। তাই উন্নয়নের জন্য আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। আপনারা নিজ নিজ জায়গা থেকে কাজ শুরু করে দেন।’
রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ করান আঞ্চলিক সমন্বয়ক ইসমাইল হোসেন। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা প্রশিক্ষণ নেন।
এসময় জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান হিরো, ডা. রিয়াজুর ইসলাম, সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান, এডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানিসহ জেলা -উপজেলা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।










