মায়ের লাশ বাড়িতে রেখেই পরীক্ষা দিলো এস এস সি পরীক্ষার্থী

মায়ের লাশ বাড়িতে রেখেই পরীক্ষা দিলো এস এস সি পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট || টুডে টাইমস

মতলব(উত্তর) চাঁদপুর: ভাগ্যের নির্মম পরিহাস । মায়ের লাশ বাড়িতে রেখেই পরীক্ষা কেন্দ্রে রুমা । কতটা কঠিন হলে তা সম্ভব? একদিকে নিজের ভবিষ্যৎ, অপরদিকে তার মায়ের লাশ। এর চেয়ে কঠিন পরীক্ষা আর কি হতে পারে ? সৃষ্টিকর্তার এই কঠিন পরীক্ষার শিকার এসএসসি পরীক্ষার্থী রুমা আক্তার। গত বুধবার দিবাগত রাতে তার মা হাজেরা আক্তার মৃত্যুবরণ করেন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুমা।

গতকাল বৃহস্পতিবার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জানা যায়, রুমার পিতা মেজবাহ উদ্দিন শিকদার গত এক বছর আগেই মৃত্যুবরণ করেন। ভাই-বোনের মধ্যে সেই বড়। বাবার মৃত্যুর পর থেকে অনেক কষ্ট করে লেখাপড়া চালিয়ে যাচ্ছে সে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার আগের দিন রাতে দুনিয়া ছেড়ে চলে যান তার মা। অত্যান্ত ভারাক্রান্ত মন নিয়ে নিজ জীবনের ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষা দিতে কেন্দ্রে হাজির হয়ে সুষ্ঠুভাবেই পরীক্ষা দিয়েছেন তিনি।

উপজেলার উত্তর নিশ্চিন্তপুর গ্রামের মেজবাহ উদ্দিন শিকদারের ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে প্রথম কন্যা সে। পরীক্ষা শেষে তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কান্নায় ভেঙ্গে পড়ার কারনে কথা বলতে পারেননি।

নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফ উল্লা বলেন, মেয়েটার ভাগ্য বড়ই খারাপ। গত বছরের এই দিনে সে বাবা হারায়। আজ (বৃহস্পতিবার) সকালে পরীক্ষা দেবে, রাতেই মারা গেল তার মা। তিনি আরো জানান, রুমা সুষ্ঠুভাবেই পরীক্ষা দিয়েছে।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফরিদ আহমেদ বলেন, গত বছর রুমার বাবা মারা যায়। এবারও তার মা মারা গেল। সে পরিবারের প্রথম সন্তান। দুনিয়ায় তার আর কেউ রইল না। বৃহস্পতিবার বিকালে রুমার মায়ের লাশ দাফন সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য প্রদান করুন

Share