টঙ্গীতে হত্যা মামলার আসামী র্যাবের হাতে গ্রেফতার
স্টাফ রিপোর্টার: টঙ্গীর চাঞ্চল্যকর চুন্নু ভূঁইয়া (৫৫) হত্যা মামলার আসামী মিন্টু মোল্লাকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১এর সদস্যরা। গত বুধবার ঢাকার শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মিন্টু র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর পোড়াবাড়িস্থ র্যাব-১এর ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্য জানানো হয়। মিন্টু নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রামদেবপুর দেউটিবাড়ি গ্রামের আজিজ মোল্লার ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, মিন্টু মোল্লা গত ৯ জুন রাতে স্থানীয় পূর্ব আরিচপুর এলাকায় আতাউর রহমান খান জুয়েলের বাড়ির সামনে দাড়িয়ে ফোনে কে বা কার সাথে উচ্চবাচ্য করছিল। বাড়ির মালিক আতাউর তাকে উচ্চবাচ্য করতে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে এবং গালিগালাজ করে। একপর্যায়ে আতাউর ও তার বাড়িতে বেড়াতে আসা চুন্নু ভূঁইয়া নিচে নেমে এলে মিন্টুর সাথে তাদের কথা কাটাকাটি হয়। এসময় মিন্টু তার পকেটে থাকা ছোরা দিয়ে চুন্নু ভূইয়ার পিঠে ও বুকে উপুর্যপুরি আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এব্যাপারে ওইদিনই টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা (নং-২৩) দায়ের করা হয়। মামলার সূত্র ধরে র্যাব-১ এর একটি চৌকশ দল মিন্টুকে গ্রেফতার অভিযানে নামে। একটানা ৪দিন অভিযান চালিয়ে গত বুধবার ঢাকার যাত্রাবাড়ি থানাধীন শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে গতকাল টঙ্গী পূর্ব থানা পুলিশে হস্তান্তর করা হয়।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ঘটনার পর মিন্টু মোল্লা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে গতকাল থানায় হস্তান্তর করে।










