চাঁদপুরে ব্যবসায়ীর পায়ের রগ কেটে সেতু থেকে নদীতে নিক্ষেপ
জেলা প্রতিনিধি||চাঁদপুর
চাঁদপুরে টাকা লেন-দেন সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার পায়ের রগ কেটে জখম অবস্থায় সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।শনিবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের চাঁদপুর সেতুর উপর এ ঘটনা ঘটে। আহত শামীম চট্টগ্রাম কাপ্তাই এলাকার কাদের প্রধানিয়া বাড়ীর আলমগীর হোসেনের ছেলে। তার নানার বাড়ী চাঁদপুর সদর উপজেলার মুন্সিরহাট এলাকায়। সে কাপ্তাই এলাকার মৎস্য ব্যবসায়ী। চাঁদপুরে টাকা লেন-দেন নিয়ে মো. শামীম (৩৫) নামে এক ব্যবসায়ীর হাত-পেটে উপর্যুপরি ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে ডাকাতিয়া নদীতে নিক্ষেপ করেছে পিয়াস ও নিরব নামে দুই সহপাঠি। চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, পিয়াস ও নিরব নামে দু ব্যক্তির সাথে শামীমের ৩০ হাজার টাকা লেন-দেন ছিল। ওই ৩০ হাজার টাকার পরিবর্তে ১লক্ষ টাকা দাবী করলে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা শামীমের পেটে ৫টি ও হাতে ছুরিকাঘাত এবং বাম পায়ের দু’টি রগ কেটে চাঁদপুর সেতুর উপর থেকে ডাকাতিয়া নদীতে ফেলে দেয়। আহতাবস্থায় শামীম কোন রকমে নদীর তীরে উঠতে পারলেও অজ্ঞান অবস্থায় থাকে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় বাবুল নামে এক জেলে নদীর পাড়ে তাকে দেখতে পেয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম জানান, টাকা লেন-দেন নিয়ে পিয়াস ও নিরবসহ আরও অজ্ঞাতনামা ২ যুবক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। তার মা সাগরী বেগমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। অভিযুক্ত যুবকদের খুঁজে আইনি ব্যবস্থা নেয়া হবে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম রায়হান জানান, আহত ব্যবসায়ীর অবস্থা খুবই আশঙ্কাজনক। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।









