ব্রাজিল নরওয়ে ম্যাচে কে জিতবে ?

ব্রাজিল নরওয়ে ম্যাচে কে জিতবে ?

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার মুখোমুখি হবে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও ইউরোপের প্রতিনিধি নরওয়ে। ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহের মধ্যেই ২৫ হাজারবার সম্ভাব্য ফলাফলের বিশ্লেষণ চালিয়েছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার। তাদের পূর্বাভাসে জয়ের দৌড়ে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে ব্রাজিল।

বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। বিপরীতে নরওয়ের জয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ। আর ম্যাচটি সমতায় শেষ হয়ে অতিরিক্ত সময় বা নির্ধারণী শট পর্যন্ত গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।

সামগ্রিক হিসাবে শেষ আটে ওঠার সম্ভাবনাও ব্রাজিলের পক্ষেই বেশি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সম্ভাবনা ৬৫ দশমিক ৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ৫ শতাংশ। এই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা মেক্সিকো।

অতীতের পরিসংখ্যানও ব্রাজিলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। বিশ্বকাপের শেষ ষোলোর নিজেদের সর্বশেষ ১০টি ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়ে পরবর্তী পর্বে উঠেছে তারা। একমাত্র ব্যতিক্রম ১৯৯০ সালের বিশ্বকাপ, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে।

অন্যদিকে, আগের পর্বে দারুণ নাটকীয়তায় জয় পেয়েছে নরওয়ে। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের ৮৬তম মিনিটে আর্লিং হালান্ডের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি। এটি বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের ইতিহাসের প্রথম জয়। এর আগে ১৯৩৮ ও ১৯৯৮ সালের দুটি নকআউট ম্যাচেই ইতালির কাছে পরাজিত হয়েছিল তারা।

শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে ব্রাজিলকেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। জাপানের বিপক্ষে শুরুতে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়লেও কাসেমিরোর গোলে সমতায় ফেরে দলটি। পরে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে সেলেসাওরা।

মার্তিনেল্লির জয়সূচক গোলে সহায়তা করেছিলেন ব্রুনো গিমারেস। এর মাধ্যমে চলতি বিশ্বকাপে তাঁর সহায়তায় করা গোলের সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের এক আসরে ব্রাজিলের হয়ে এর চেয়ে বেশি সহায়তায় গোল করানোর কীর্তি রয়েছে শুধু কিংবদন্তি পেলের। ১৯৭০ সালের বিশ্বকাপে তিনি সতীর্থদের দিয়ে ছয়টি গোল করিয়েছিলেন।

মন্তব্য প্রদান করুন

Share