পানাম সিটি-কে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে টুরিস্ট পুলিশ জোনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

পানাম সিটি-কে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে টুরিস্ট পুলিশ জোনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

 

ঐতিহাসিক নগরী পানাম সিটি-কে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জ টুরিস্ট পুলিশ জোনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও টুরিস্ট পুলিশ (ওসি) মোঃ মাহবুবুল আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কাস্টোডিয়ান মোঃ তানজিলুর রহমান। এসআই মোঃ আবু বকর সিদ্দিক, এসআই সুমন চন্দ্র দাসসহ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, মহাসচিব মীযানুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ঐতিহাসিক স্থাপনার আশপাশ থেকে ময়লা-আবর্জনা অপসারণ, প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং দর্শনার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করেন। বক্তারা বলেন, পানাম সিটি দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অংশ। এর সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দর্শনার্থীদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।

সভাপতির বক্তব্যে ওসি মোঃ মাহবুবুর আলম বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশ রক্ষায় টুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। তিনি সবাইকে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন বলেন ইতিহাস ও ঐতিহ্য ঘেরা পানাম সিটি শুধু সোনারগাঁও নয়, সমগ্র দেশের গর্ব। তাই এর সংরক্ষণ ও পরিচ্ছন্নতা রক্ষায় প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য প্রদান করুন

Share