টঙ্গীতে জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিবের বাড়িঘর ভাংচুর ॥ অগ্নিসংযোগ

টঙ্গীতে জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিবের বাড়িঘর ভাংচুর ॥ অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, টঙ্গী :
গাজীপুুর-২ আসনের প্রয়াত সাংসদ শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামী নূরুল ইসলাম দিপুর টঙ্গীর গোপালপুরের বাড়িতে অতর্কিত হামলা ও ভাংচুর চালিয়েছে একদল বিক্ষুদ্ধ জনতা। ঘটনাটি গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় ঘটে।
দিপুর ছোট ভাই শহিদুল ইসলাম শিপুর স্ত্রী শরিফা খানম সুমি জানান, গতকাল বিকেলে হঠাৎ করে প্রায় ৪/৫শ’ লোক লাঠিসোটা নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই বিক্ষুব্ধরা বাড়িতে ঢুকে ঘর ও আসবাবপত্র ভাংচুর করতে থাকে। বাধা দিলে তারা আমাকে বলে আহসান উল্লাহ মাস্টারের খুনির কোন আত্মীয় স্বজনকে টঙ্গীতে থাকতে দেব না। তাদের বাড়ি ঘরেরও কোন চিহ্ন রাখবো না। একপর্যায়ে তারা আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির ৩টি কক্ষ ও ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এসময় টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘটনাস্থলে পুলিশ দেখে বিক্ষুব্ধরা দ্রুত চলে যায়।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট প্রায় ২০মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
উল্লেখ্য, নূরুল ইসলাম দিপুকে জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব পদ দেয়ার প্রতিবাদে টঙ্গীতে গত ৫দিন ধরে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা লাগাতার প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছে।

মন্তব্য প্রদান করুন

Share