চীনে আটকেপড়া শিক্ষার্থীদের খাদ্য সংকট নেই: রাষ্ট্রদূত

চীনে আটকেপড়া শিক্ষার্থীদের খাদ্য সংকট নেই: রাষ্ট্রদূত

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান জানিয়েছেন, চীনের হুবেই প্রদেশে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের কোনো খাদ্যসংকট নেই। শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে শান্ত থেকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।শনিবার (৮ ফেব্রুয়ারি বেইজিং থেকে এক ভিডিওবার্তায় সে দেশে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি তিনি এ আহ্বান জানান।

থ্রি জর্জেস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রবিষয়ক সমন্বয়কারীকে উদ্ধৃত করে বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, বিশ্ববিদ্যালয়ের খাদ্যাভ্যাণ্ডারে পর্যাপ্ত পরিমাণে গম, চাল, তেল, মসলা, চিনি, লবণসহ প্রয়োজনীয় উপকরণ রয়েছে। শিক্ষার্থীরা যেখানে রয়েছেন, সেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার পানির সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

চীনের থ্রি জর্জেস বিশ্ববিদ্যালয়ের ১৭১ জন বাংলাদেশি শিক্ষার্থী খাদ্য ঘাটতির বিষয়ে যে অভিযোগ করেছেন, সে সম্পর্কে মাহবুব উজ জামান বলেন, সেখানকার খাদ্য সরবরাহ সন্তোষজনক। থ্রি জর্জেস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রবিষয়ক সমন্বয়কারী লি খেয়ের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, চীন থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া, যেখানে দুই দেশের সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। বাংলাদেশের শিক্ষার্থীদের ফেরত পাঠানোর বিষয়ে দূতাবাসের একক কোনো ক্ষমতা নেই। এরই মধ্যে ৩১২ জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া বিষয়ে দূতাবাস প্রাথমিক কাজ শেষ করেছে। তিনি আরও বলেন, খাদ্য সরবরাহের জন্য কিছু সুপার মার্কেট নতুন করে অনলাইনে অর্ডার নিচ্ছে এবং সরবরাহ করছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যানটিনও অনলাইনে খোলা রয়েছে এবং তারা চাহিদা অনুযায়ী খাদ্যসামগ্রী সরবরাহ করছে।

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী পদক্ষেপ নিয়েছে এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন; মূলত তা জানাতে রাষ্ট্রদূত গণমাধ্যমে ওই ভিডিওবার্তা পাঠান।

প্রসঙ্গত, দুই দশক আগে চীনের মূল ভূ-খণ্ড ও হংকংয়ে সার্স ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে করোনাভাইরাসটি। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে। এ ভাইরাসে চীনের হুবেই প্রদেশ ও বিভিন্ন এলাকায় এই পর্যন্ত ৩৪ হাজার ৫৪৬ জন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির ন্যাশনাল হেলথ কমিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যম।

মন্তব্য প্রদান করুন

Share