কুয়াকাটা চৌরাস্তায় যাত্রী ছাউনীর অভাবে দুর্ভোগে পর্যটকরা
পটুয়াখালী জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুয়াকাটার চৌরাস্তায় নেই কোনো যাত্রী ছাউনী। দীর্ঘদিন ধরে পর্যটক ও স্থানীয় যাত্রীরা রোদ, বৃষ্টি এবং ঝড়ের মধ্যে দাঁড়িয়ে গন্তব্যের অপেক্ষায় থেকে যাচ্ছেন। অথচ এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল, যেখানে প্রতিদিন শত শত মানুষ ও অন্যান্য যানবাহনের জন্য অপেক্ষা করেন।
স্থানীয়দের অভিযোগ, অনেক আগেই প্রশাসনের কার্যকরী উদ্যোগ নেওয়া দরকার ছিলো। পর্যটন কেন্দ্র হিসেবে কুয়াকাটার গুরুত্ব দিন দিন বাড়ছে, অথচ মৌলিক সুবিধার এত অভাব দৃষ্টিকটু। বিশেষ করে বৃদ্ধ ও নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
চৌরাস্তার পাশে অস্থায়ীভাবে দাঁড়িয়ে থাকা এক যাত্রী বলেন, “বৃষ্টি আসলেই দৌঁড়ে দোকানের ছাউনির নিচে আশ্রয় নিতে হয়। এটা কি কোনো পর্যটন এলাকার অবস্থা হতে পারে?”
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে তরিকুল ইসলাম গাজী জানান এখনো স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী ও পর্যটকদের জন্য দ্রুত একটি যাত্রী ছাউনীর দাবি জানিয়েছেন।
একটি যাত্রী ছাউনী শুধু আশ্রয়ের স্থান নয়, এটি যাত্রীদের সম্মান ও সুরক্ষার প্রতীক। কুয়াকাটার মতো আন্তর্জাতিক পর্যটন এলাকা যদি এ ধরনের সমস্যায় ভোগে, তাহলে উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।










