ইবি সিআরসি’র বার্ষিক সাধারণ সভা ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইবি সিআরসি’র বার্ষিক সাধারণ সভা ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

মনিরুজ্জামান তুহিন, ইবি প্রতিনিধি:

সামাজিক ও মানবিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার বার্ষিক সাধারণ সভা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী কমিটির প্রতি সম্মাননা প্রদান ও দ্রুত নতুন কমিটি হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান সভাপতি মোঃ ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, স্কুল পরিচালক মোঃ সাইফুল ইসলাম, প্রাক্তন নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং অতিথিবৃন্দ।

সাধারণ সম্পাদক বলেন, “একদিন পৃথিবী পথশিশু মুক্ত হবে, এটাই আমাদের বিশ্বাস। নতুন নেতৃত্বে যারা আসবে তারা যেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে এবং নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এটাই প্রত্যাশা ব্যক্ত করছি।”

সভাপতি তাঁর বক্তব্যে বলেন,
“CRC শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। এখানে আমরা ভালোবাসা, দায়িত্ব আর ঐক্যের বন্ধনে বাঁধা।”

সিআরসি স্কুল পরিচালক বলেন, “সিআরসি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ভবিষ্যতেও পথশিশুমুক্ত সমাজ গঠনে কাজ করে যাবে।”

উল্লেখ্য পথশিশুদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করার লক্ষ্য নিয়ে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় কাম ফর রোড চাইল্ড (সিআরসি)। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিশু শিক্ষা কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ, ইফতার মাহফিল, স্বাস্থ্য সচেতনতা ও বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

মন্তব্য প্রদান করুন

Share