‘অতীতে হারের দায় তাদেরই’ -বারবার সেমিতে হারা প্রসঙ্গে প্রোটিয়া কোচ

‘অতীতে হারের দায় তাদেরই’ -বারবার সেমিতে হারা প্রসঙ্গে প্রোটিয়া কোচ

দেখতে দেখতেই শেষ প্রান্তে চলে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল থেকে শুরু হচ্ছে ফাইনালে ওঠার লড়াই। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ছয়টায় মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এর আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন দক্ষীন আফ্রিকার প্রধান কোচ রব ওয়াল্টার। আফগানদের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে তিনি জানিয়েছেন, শেষ চারের লড়াইয়ে অতীতে প্রোটিয়ারা যেসব ম্যাচে হেরেছে তাতে বর্তমান দলের কোনো দায় নেই।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে বেশ কয়েকটি আইসিসি ইভেন্টে সেমিফাইনালে পৌছেছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ চারের বাঁধা টপকাতে ব্যর্থ হয়েছে তারা। এ কারণে নামের পাশে জুটেছে চোকার্স তকমা। এবার যখন প্রোটিয়ারা আরও একটি বিশ্বকাপের সেমিতে তখন আবারও সমর্থকদের মনে প্রশ্ন- এবারও কি সেমিফাইনাল থেকেই বিদায় নিবে কুন্টন ডি ককরা?

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রোটিয়াদের কোচ ওয়াল্টার বলেন, ‘অতীতে কাছে গিয়েও হার, সেটা যারা হেরেছে তাদেরই দায়। সত্যি বলতে এই দলটা আলাদা। আমাদের নিজস্ব যা কিছু আছে, তার দায় আমরা নিই। এই টুর্নামেন্টে আমাদের সবচেয়ে কাছের ভাবনা হচ্ছে, কোথায় আমরা দাগটা পার করতে পেরেছি। আমরা এসব নিয়েই ভাবছি।’

আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে তাঁর দল সেরা খেলাটাই খেলবে জানিয়ে ওয়াল্টার আরও বলেন, ‘আমার মনে হয় আপনি সবসময় একটা এনার্জি অনুভব করবেন যখন সেমিফাইনালে আসবেন। এখানে আবেগ ও উদ্বেগের একটা মিশ্রণ থাকবে, কিন্তু আমার মনে হয় যেকোনো খেলাতেই কেউ এতদূর (সেমিফাইনাল) এলে, তার মধ্যে রোমাঞ্চ থাকবেই। আপনার এটাকে মেনে নিয়ে বুঝতে হবে কী করতে চাচ্ছেন এখন। আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তে সেরা ক্রিকেটটা খেলতে চাই।’

মন্তব্য প্রদান করুন

Share