‘শেখ হাসিনার সমালোচনা করা যাবে না ’

নিউজ ডেস্ক || টুডে টাইমস

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করা যাবে না। তিনি বলেন, ‘যেমনিভাবে স্বাধীন বাংলার স্থপতি শেখ মুজিবুর রহমানের সমালোচনা করা যাবে না, তেমনি জননেত্রী শেখ হাসিনারও সমালোচনা করা যাবে না।’

সোমবার কুয়ালালামপুরের মতিয়ারা কমপ্লেক্সে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর সমালোচনা করা না গেলেও অন্যদের কিছু কাজের সমালোচনা হবেই। তারপরও দেশ গঠনে যুবকদের কাজ করতে হবে। সকল কাজেই সমালোচনা আছে থাকবে। যিনি কাজ করেন না তার কোনো সমালোচনা নেই। সমালোচনায় দমে না গিয়ে কাজ চালিয়ে যেতে হবে। সমালোচনাকে ঘৃণা না করে শক্তি হিসেবে গ্রহণ করতে হবে।’

প্রবাসীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘অর্থনৈতিকভাবে বাংলাদেশকে শক্তিশালী করতে প্রবাসীরা সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন । আর এই প্রবাসীরা শুধু আওয়ামী লীগের সমর্থক নয় সমগ্র বাংলাদেশের বিভিন্ন দলের এবং মতের। আপনারা সকলে মিলেই দেশ গঠনে অবদান রাখছেন।’

মালয়েশিয়া শাখা যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, যুগ্ম সম্পাদক মনজুর আলম শাহিন, মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুল, কামরুজ্জামান কামাল, এ কামাল চৌধুরী, শাখাওয়াত হক জোসেফ, মোখলেছুর রহমান, সাইদুর রহমান সিরাজ, জহুরবারু আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, যুবলীগ নেতা বিজন মজুমদার।

মন্তব্য প্রদান করুন

Share