ভোট দেয়ার পর যা বললেন বাহার
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ঘুরেফিরে আলোচনায় থাকা স্থানীয় সংসদ-সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার নির্বাচনকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা কামনা করেছেন। ‘অতি উৎসাহী’ কোনো কর্মকর্তা যেন নির্বাচনের পরিবেশ নষ্ট না করে সে বিষয়ে সাবধানও করেছেন কুমিল্লা-৬ সদর আসনের এ সংসদ সদস্য।
বুধবার বেলা ১১টার দিকে কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্য নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন। এমপি বাহার ওই কেন্দ্রের এক নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বাহাউদ্দিন বাহার বলেন, ‘আমি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে প্রশাসনকে বলতে চাই, অতি উৎসাহী কোনো কর্মকর্তা যেন নির্বাচনের পরিবেশ নষ্ট না করে। প্রার্থী এবং সমর্থকরা উৎসবমুখর অবস্থায় আছে। সারা কুমিল্লায় উৎসবের আমেজ চলছে।’
‘কোথাও ১০-১২ জন ছেলেপেলে একসঙ্গে দাঁড়িয়ে থাকলে অতি উৎসাহী কোনো কর্মকর্তা যেন তাদের হ্যারাস (হয়রানি) না করে। আইনশৃঙ্খলার অবনতি হলে তখন আপনারা কাজে নামেন।’
এসময় তিনি কুমিল্লাবাসীরা প্রত্যেকেই যেন সুষ্ঠু, সুন্দরভাবে ভোট দিতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান। কোথাও কোনো গন্ডগোল বা ঝামেলা না হওয়ায় সন্তোষও প্রকাশ করেন কুমিল্লা সদরের এই এমপি।
কয়েকজন ভোটার ভোট দিতে পারেননি বলে অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বাহার বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি তারা ভোটার আইডি নিয়ে গেলেও চিঠি নিয়ে না যাওয়ায় তাদের ভোট দিতে দেয়নি। দুই-একজন ম্যাজিস্ট্রেট এমন আছেন যারা আইডি আটকে রেখেছেন। আমি সব কর্মকর্তাদের বলব একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনার সহযোগিতা করবেন।’










