নিয়ন্ত্রণ আসছে ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোতে
প্রযুক্তি ডেস্ক || টুডে টাইমস
ঢাকা: প্রযুক্তির মাধ্যমে বিনা মূল্যের কল সেবার ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে সরকার। এজন্য ফেসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ইনস্ট্যান্ট মেসেজিং ও ভিওআইপি সেবার অ্যাপের ব্যবহারে নীতিমালা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।
শুক্রবার (২৫ নভেম্বর) রাজধানীর রমনায় বিটিআরসি আয়োজিত আন্তর্জাতিক অবৈধ কল টারমিনেশন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
ভাইবার, হোয়াটসআপ ইত্যাদি অ্যাপ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওটিটি (ওভার দ্যা টপ) প্রযুক্তির মাধ্যমে এই অ্যাপগুলো দিয়ে দেশ-বিদেশ থেকে অনেক কল আসে এবং যায়। সেই সংখ্যা কতটা জানা না গেলেও এটুকু আমরা বুঝতে পারি এর মাধ্যমে বৈধ পথে আসা আন্তর্জাতিক কলের সংখ্যা কমেছে।
তিনি আরও বলেন, ‘এটা অবশ্যই তদারকি করার দায়িত্ব আমাদের। কিন্তু এ ব্যাপারে এখনও আমরা কোনো নীতিমালা গ্রহণ করিনি। আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উদাহরণ নেয়ার চেষ্টা করছি। আমরা দেখেছি যে অনেক দেশে এগুলো কিন্তু ইলিগ্যাল ঘোষণা করেছে।’
বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘কোনো কোনো দেশে এসবের মাধমে শুধু ডেটা প্রবাহিত হয়। এখন এটা আমরা সবেমাত্র চিন্তা করা শুরু করেছি। এবং আশাকরি আমরা হয়ত আগামী দু-এক মাসের মধ্যে কিংবা দুই-তিন মাসের মধ্যে এ ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করবো’
ড. শাহজাহান মাহমুদ আরও বলেন, বিটিআরসি সব অপারেটরকে নিরেপক্ষ ও সমান চোখে দেখে। কোনও অপারেটর অবৈধ কাজ করে এমন প্রমাণিত হলে জরিমানা করে আমরা সরকারকে জানাই। সরকার তখন এ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এ ক্ষেত্রে টেলিটক অথবা অন্য কোনও অপারেটর বলে কোনো কথা নেই।
মোবাইল ফোন অপারেটর অথবা সংশ্লিষ্ট অন্য কেউ অবৈধ ভিওআইপিতে (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ডাক ও টেলি যোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, এ বিষয়ে জিরো টলারেন্ট নীতি অবলম্বন করা হয়েছে। তাই এই কাণ্ডে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকসহ অন্য মোবাইল ফোন অপারেটর অথবা সংশ্লিষ্ট অন্য কেউ অবৈধ ভিওআইপিতে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।
সচিব বলেন, মোবাইল ফোনে সিম ব্যাবহার করে ভিওআইপি করলে এবং তা ধরা পরলে প্রতি সিমের বিপরীতে ৫০ ডলার করে জরিমানা কার্যকর রয়েছে।










