দেশে গণতন্ত্র ফেরাতে হাজারো নেতাকর্মী প্রাণ দেবে : মির্জা ফখরুল
দেশে গণতন্ত্র ফেরাতে বিএনপির হাজারও নেতাকর্মী প্রাণ দেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। এ জন্য আমাদের সাতজন নেতাকর্মী প্রাণ দিয়েছে। আরও হাজারো লোক প্রাণ দেব। গণতন্ত্রকে অবশ্যই ফিরিয়ে আনব।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নাজির উদ্দিন জেহাদের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
১৯৯০ সালের ১০ অক্টোবর পল্টনে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদলকর্মী জেহাদ।
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এখনও সময় আছে, আপনাদের বোধোদয় হওয়া দরকার। কয়েকটি মিটিংয়ে আমি বলেছি, সেইফ এক্সিট করুন, চলে যান, ক্ষমতা ছাড়ুন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন, সংসদ বিলুপ্ত করুন। নতুন তত্ত্বাবধায়ক সরকার, নতুন নির্বাচন কমিশন গঠনে করে নতুন পার্লামেন্ট ইলেকশন দিন। তারা নতুন করে সরকার গঠন করবে, দেশে নতুন একটা সরকার ব্যবস্থা চালু হবে। তা না হলে পালানোর পথটাও খুঁজে পাবেন না।










