ঢাকায় আন্তর্জাতিক লোকসংগীত উৎসব

জাহাঙ্গীর রনি।। বিনোদন ডেস্ক ।। টুডে টাইমস 24

ঢাকা: প্রথমবারের মতো ঢাকায় আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। ‘ঢাকা ফোক ফেস্ট ২০১৫’ শিরোনামের এ উৎসব শুরু হবে আগামী ১২ নভেম্বর থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। এতে সংগীত পরিবশেন করবেন ভারতের পবন দাস ও পার্বতী বাউল, পাকিস্তানের আবিদা পারভিন এবং বাংলাদেশের ফরিদা পারভীন ও শফি মণ্ডল। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের লোক গানের খ্যাতনামা শতাধিক শিল্পী অংশ নিবেন। এ উৎসবটি উপলক্ষে বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন সান ইভেন্টস।

‘ঢাকা ফোক ফেস্ট ২০১৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন, অধ্যাপক ড. আনিসুজ্জামান, মাছরাঙা টেলিভিশন এবং সান ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত, দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সরওয়ার, আর্টস ইন্টারএ্যাকশনের প্রতিষ্ঠাতা অ্যালান টুইডি এবং সান ইভেন্টসের বিজনেস এডভাইজার মিস্ টুটলি রহমান।2015_09_30_15_59_50_ie2mDhgOlU6k4Vecd0UwvvHFUOYHhP_original

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ থেকে ১৪ নভেম্বর প্রতিদিন সন্ধ্যা ৬টা-রাত ১টা পর্যন্ত রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ‘ঢাকা ফোক ফেস্ট ২০১৫’। এতে বাংলাদেশের ফরিদা পারভীন, মমতাজ বেগম, বারী সিদ্দিকী, রব ফকির, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, শফি মণ্ডল, নাশিদ কামাল, সদানন্দ সরকার, নিশিকান্ত সরকার, কাজল দেওয়ান, মিনু বিল্লাহ্, লুবনা মরিয়ম, লাবিক কামাল গৌরব ও ম্যাজিক বাউলিয়ানাসহ আরও অনেকে সংগীত পরিবেশন করবেন। এছাড়া পাকিস্তান থেকে আবিদা পারভিন ও সাঁই জহুর, ভারত থেকে পাপন, ইন্ডিয়ান ওশেন, নুরান সিস্টার্স, রাজস্থান ফোক গ্রুপ, অর্ক মুখার্জী, পবন দাস বাউল, পার্বতী বাউল, আয়ারল্যান্ড থেকে নিয়াভ নি কারা, চীনের ইউনান আর্ট ট্রুপ ও ইজিপ্ট থেকে আলেক্সন্দ্রিয়া ডান্স ট্রুপ অংশগ্রহণ করবেন।

‘ঢাকা ফোক ফেস্ট ২০১৫’ অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন দর্শক-শ্রোতারা। এ জন্য অনলাইনে রেজিষ্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে। www.dhakafolkfest.com নামক একটি ওয়েবসাইটটিতে গিয়ে নিবন্ধন করতে হবে। এছাড়া ফেসবুকে ‘ঢাকা ফোক ফেস্ট’ নামে একটি পেইজ খোলা হয়েছে। এতে অনুষ্ঠান সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। আগামী ২৩ অক্টোবর থেকে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

মন্তব্য প্রদান করুন

Share