কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষী খুন; আটক ১
স্টাফ করেসপন্ডেন্ট .টুডে টাইমস
গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী রুস্তম আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলি করে পালানোর সময় একজনকে আটক করা হয়েছে।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে কারাগারের মূল ফটকের ২৫০ গজ দূরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাশিমপুর কারাগারের সুপার প্রশান্ত কুমার জানান, মহিলা কারাগারের সার্জেন্ট ইন্সপেক্টর রুস্তম আলী কারাগার থেকে বের হয়ে ২৫০ গজ দূরে ওষুধ কিনতে যান। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। গুলি করে পালানোর সময় মোটরসাইকেলের এক আরোহীকে আটক করা হয়েছে।
ঘটনাস্থলেই রুস্তম আলী মারা যান। পরে কারা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ নেয়া হয়।
প্রশান্ত কুমার আরো জানান, ঘটনাস্থল কারাগারের বাইরে হওয়ায় যাবতীয় তদন্তের ভার পুলিশের ওপর।
এ বিষয়ে কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, মোটরসাইকল আরোহী দুজন সন্ত্রাসী কারাফটকের রক্ষীদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই প্রধান কারারক্ষী রুস্তম আলী নিহত হন।
মন্তব্য প্রদান করুন
Share










