উৎক্ষেপণ ৩০ মিনিট পেছাল
দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর মহাকাশ যাত্রা ৩০ মিনিটের জন্য পিছিয়ে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টা ২৫ মিনিটে স্যাটেলাইট উৎক্ষেপণের পুনর্নির্ধারিত সময়ের ব্যাপারে টুইটে করেছে স্পেসএক্স।
টুইটে স্পেসএক্স বলছে, নতুন সময় ৫টা ৪৭ মিনিট (যুক্তরাষ্ট্রের সময়); বাংলাদেশ সময় রাত ৩টা ৪৭ মিনিট। আজকের ফ্লাইট ফ্যালকন ৯ ব্লক ফাইভের ভেহিকল এবং পেলোড ধারবাহিকভাবে ভালো রয়েছে।
এর আগে ৩০ মিনিট এগিয়ে বাংলাদেশ সময় রাত ১টা ৩৭ মিনিটে উপগ্রহ বঙ্গবন্ধু-১ কক্ষপথে উড়াল দেবে বলে জানিয়েছিল স্পেসএক্স। এবার নতুন করে সময় নির্ধারণ করায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড-৩৯ এ থেকে রাত ৩টা ৪৭ মিনিটে কক্ষপথে ডানা মেলবে বঙ্গবন্ধু-১।
এদিকে, দেশের এই মাহেন্দ্রক্ষণে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নিজের ফেসবুকে পেইজে লাইভে এসে তিনি দেশবাসীর দোয়া চান।
মহাকাশে বাংলাদেশের এ বিজয় যাত্রার সঙ্গী হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এক টুইট বার্তায় স্পেসএক্স স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর চেক আউট পুরোপুরি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে।
টুইটে স্পেসএক্স বলছে, ‘ফ্যালকন-৯ ব্লক ফাইভ ও বঙ্গবন্ধু -১ আজ সকালে ফ্লোরিডার ৩৯এ প্যাডে আকাশমুখী করা হয়েছে। লঞ্চ প্যাডে চূড়ান্ত চেক আউট সম্পন্ন হয়েছে। এখন উৎক্ষেপণ করাই লক্ষ্য।’









