সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু!
ভোলার ইলিশা সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষকসহ দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও চারজন। গুরুতর আহত একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতা বাসটিকে আগুনে পুড়িয়ে দিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ইলিশা সড়কের ব্যারিস্টার কাচারি নামক এলাকায় ভোলা সদর থেকে আসা বাস মালিক সমিতির মিনি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাজহারুল ইসলাম জসিম (৫৫) নামে এক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মারা যান। আহত চারজনকে সদর হাসপাতালে ভর্তি করার পর আরও একজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় এক নারীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত-নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ জনতা যাত্রীবাহী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রায় এক ঘণ্টা ভোলা-লক্ষ্মীপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ভোলা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বেলা সাড়ে ১১টার পর ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।









