জামিন নামঞ্জুর মির্জা আব্বাস কারাগারে
স্টাফ করেসপন্ডেন্ট || টুডে টাইমস
নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।
এর আগে পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা দুটি মামলায় মাহবুবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মির্জা আব্বাস। সংক্ষিপ্ত শুনানি শেষে আব্বাসের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মির্জা আব্বাসের আদালতে আত্মসমর্পণকে কেন্দ্র করে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। আদালত চত্বরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন ঢাকা মহানগর বিএনপির এই আহ্বায়ক। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সে সময় প্রচারণায় নামেননি তিনি। সে সময় গ্রেপ্তার এড়াতে উচ্চ আদালতেরও দারস্থ হন মির্জা আব্বাস।










