সুনসান নীরবতা, অন্যরকম এক রেলস্টেশন
টুডে টাইমস ডেস্ক : ঈদ হবে, তবে ঈদযাত্রা নেই। তাই জনস্রোতও নেই। দেখে বোঝার উপায় নেই এটি জনবহুল একটি রেলস্টেশন। চট্টগ্রাম রেলস্টেশনে এবার অন্য চিত্র। অন্যান্য বছরগুলোতে ঈদের আগে এই সময়ে সকাল থেকে রাত পর্যন্ত স্টেশনসহ আশেপাশে বাড়ি ফেরা মানুষের জনস্র্রোত থাকত।
করোনা সংক্রমণ ঠেকাতে সরকার গত ২৬ মার্চ থেকে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করায় এবার রেলে ঈদযাত্রা হচ্ছে না। কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল না করায় জনবহুল চট্টগ্রাম রেলস্টেশনে মৌসুমেও জনশূন্য। স্টেশনজুড়ে শুনসান নীরবতা।
গতকাল সরেজমিনে রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, স্টেশন ম্যানেজার, মাস্টার এবং আরএনবির কয়েকজন সদস্য ছাড়া পুরো স্টেশনে আর কেউ নেই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মে ঈদ হলে ১৯ মে থেকে ঈদের অগ্রিম টিকেটের ঈদযাত্রা শুরু হতো। গতকাল ২০ মে এবং আজ ২১ মে সরকারি-বেসরকারি অফিসে চাকরিজীবীরা শেষ অফিস করে পরিবার-পরিজন নিয়ে ছুটতেন রেলস্টেশনে। চট্টগ্রাম রেলস্টেশনমুখী জনস্রোত থাকত। প্রতিটি ট্রেন হতো কানায় কানায় পূর্ণ। ট্রেনে যাদের স্থান হত না তাদের অনেকে ছাদে উঠে যেত। কিন্তু করোনা পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার ঈদের কোনো ট্রেন চলছে না।
চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, করোনার কারণে এবার ঈদযাত্রা হচ্ছে না। তাই ঈদের প্রস্তুতিও নেই। ঈদের আগে কোনো যাত্রীবাহী ট্রেন চলবে না। ঈদের পর হয়ত শুরু হতে পারে। এখন শুধুমাত্র পার্সেল ট্রেন, কন্টেনার ট্রেন, খাদ্যবাহী ও তেলবাহী ট্রেন চলছে। যদি ঈদের আগে ট্রেন চলাচল শুরু হতো তাহলে এখন চট্টগ্রাম রেলস্টেশনমুখী জনস্রোত থামানো যেত না। তিনি বলেন, শুনসান নীরবতা, এরকম পরিস্থিতি আগে দেখিনি।










