তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ; ছাত্রাবাস বন্ধ ঘোষণা
সরকারি তোলারাম কলেজে ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর পুলিশ মোতায়ন করে দুই পক্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কলেজ কর্তৃপক্ষ। ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী জানায়, যতক্ষণ দরকার পুলিশ সেখানে থাকবে এবং কোনো অবস্থাতেই যেন এলাকাবাসীর কোনো দুর্ভোগ না হয়, আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেদিকটি তারা তদারকি করবেন। সেই সাথে পুরো এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যারােএমন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।
এছাড়াও কলেজ কর্তৃপক্ষ দ্রুত নোটিশ প্রকাশ করে বিকেল ৪:০০ টা হতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ছাত্রাবাস বন্ধের ঘোষণা দেন। ছাত্রাবাসে অবস্থানরত আবাসিক ছাত্রদের বিকেল ৪:০০ টার মধ্যে ছাত্রাবাস ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়।
এছাড়াও এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের জন্য কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজিজুল্লাহ্, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. হুমায়ুন কবির এবং ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর মো. মনোয়ার হোসেনের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।










