জুলাই শহিদ দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই শহিদ দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে হাজীগঞ্জে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানানো হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহিদদের সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহিদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং পুলিশের পেশাদারিত্ব ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার। তিনি বলেন:
“জুলাইয়ের শহিদরা আমাদের জাতীয় বীর। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাবো।”

উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

মন্তব্য প্রদান করুন

Share