বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের জন্য জীবন দিতে প্রস্তুত : মেয়র জাহাঙ্গীর আলম
মো. জাকির হোসেন, টঙ্গি : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামীলীগের সুনাম অক্ষুন্ন রাখতে জীবন দিতে প্রস্তুত আছি। তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীরা যত শক্তিশালীই হোক তাদের মুখোশ একদিন না একদিন উন্মোচিত হবে। যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করছে- জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে। তারা অনেককেই ভুল বুঝিয়েছে, মিথ্যা আইডি দিয়ে ফেসবুক খুলে আমাকে এবং আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করেছে।
শুক্রবার বিকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় বোর্ডবাজার ইউটিসি বালুর মাঠে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রাউন জুয়েল বা মুকুটমনি হিসেবে আখ্যায়িত হওয়ায় আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
মেয়র বলেন, বঙ্গবন্ধু আমাদের এ জন্মভূমি উপহার দিয়েছেন। আমি তার ছবি দেখে, কথা শুনে বাবা-মা যখন আমাকে কথা বলতে শিখিয়েছেন তখন থেকেই বঙ্গবন্ধুকে ভালোবাসতে শিখেছি। বঙ্গবন্ধুর ব্যাপারে আমি কোনো আপস করব না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে কম বয়সে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে এনেছেন। আমাকে গাজীপুর সিটি মেয়র পদে নৌকার মনোনয়ন দিয়েছেন মানুষের সেবা করার জন্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী আব্দুর রশীদ। এতে বক্তব্য রাখেন- সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদুল আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক এসএম আলতাফ হোসেন, কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, আব্দুল কাদের মণ্ডল, মহানগর শ্রমিক লীগের আহবায়ক আব্দুল মজিদ বিএসসি, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আশরাফুল আলম আসকর প্রমুখ।
অনুষ্ঠানে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম, টঙ্গী পশ্চিম থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী এম এম হেলাল উদ্দিন, পূর্ব থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এম নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা এম এম জালাল মাহমুদ, আনোয়ার হোসেন, গাজী আজিজুল হক, ইয়াছিন মিয়া, আজিজুল হক, আবুল কাশেম, সৈকত পাঠান, শেখ নুরুজ্জামান শাহিদ, সোহেল আরমান, জোবায়ের আহমেদ রিফাত প্রমুখ।










